বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় ফ্ল্যাগ স্ট্যান্ড – Bangladesh’s Tallest National Flag Pole

সমুন্নত পতাকা স্ট্যান্ড - Bangladesh's Tallest National Flag Pole

তেঁতুলিয়া, পঞ্চগড়।

বাংলাদেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট চত্বরের এই সুউচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডটি বাংলাদেশের জাতীয় পতাকাকে গৌরবের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। হিমালয়ের পাদদেশের এই সীমান্তভূমিতে নীল আকাশের বুকে লাল-সবুজের নিশানা ওড়ার মধ্য দিয়ে সমুন্নত পতাকা স্ট্যান্ড দেশপ্রেম ও পর্যটনের এক অনবদ্য প্রতীকে পরিণত হয়েছে। সমুন্নত পতাকা স্ট্যান্ড তেঁতুলিয়ার অন্যতম জাতীয় গৌরব ও দর্শনীয় স্থান।

সমুন্নত পতাকা স্ট্যান্ড, তেঁতুলিয়া

দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বাংলাবান্ধা জিরো পয়েন্টে এই সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডটি পর্যটনের এক নতুন মাত্রা যোগ করেছে। ভৌগোলিক ও কৌশলগতভাবে বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরো পয়েন্টের ঠিক পাশেই গগনচুম্বী এই পতাকাস্তম্ভটি থেকে ভারত, নেপাল, ভুটান এবং চীনের ভৌগোলিক নৈকট্য অনুভব করা যায়। সমুন্নত পতাকা স্ট্যান্ড-এর পাশে বহমান আন্তঃসীমান্ত মহানন্দা নদীর পাশ ঘেঁষে স্পষ্ট দেখা যায় হিমালয় পর্বতমালা ও কাঞ্চনজঙ্ঘার চূড়া।

বাংলাদেশের এই সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কেবল একটি স্থাপত্যকর্ম নয় বরং এটি আমাদের জাতীয় আত্মমর্যাদা, গর্ব ও সংগ্রামী ইতিহাসের মূর্ত প্রতীক। বাংলাবান্ধা সীমান্তের বাংলাদেশ প্রান্তে লাল-সবুজ পতাকার আকাশচুম্বী উড্ডয়ন স্মরণ করিয়ে দেয়, আমরা কখনো মাথা নোয়াবার জাতি নই। বাংলাবান্ধার মানুষ প্রতিদিন এই পতাকা দেখে গর্বভরে নিঃশ্বাস নেবে; এর ছায়ায় দাঁড়িয়ে তরুণ প্রজন্ম দীক্ষা নেবে দেশপ্রেম ও ঐক্যের, করবে উন্নয়নের অঙ্গীকার। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের পতাকা প্রতিদিন স্বগর্বে সর্ব উচুতে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। এই পতাকা স্ট্যান্ড আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, উন্নয়নের উচ্চ শিখরে উঠার অপার অনুপ্রেরণা।

দেশপ্রেমের অনন্য অনুভূতির কেন্দ্রঃ জিরো পয়েন্টে দাঁড়িয়ে যখন পর্যটকরা দেশের সবচেয়ে উঁচুতে ওড়া লাল-সবুজের পতাকা দেখেন, তখন তাদের মধ্যে এক সুতীব্র দেশপ্রেম ও গর্ববোধ কাজ করে।

সেলফি ও ফটোগ্রাফি স্পটঃ পর্যটকদের কাছে এটি এখন অন্যতম প্রধান আকর্ষণ। ১১৭ ফুট উঁচুতে ওড়া বিশাল পতাকা পেছনে রেখে ছবি বা সেলফি তোলার লোভ সামলাতে পারেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা।

আন্তর্জাতিক পরিচিতিঃ বহুদেশীয় স্থলবন্দর হওয়ায় ভারত, নেপাল ও ভুটান থেকে আগত বিদেশি পর্যটকরাও বাংলাদেশের এই মহিমান্বিত প্রতীকটি দেখতে ভিড় জমান, যা দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করে।

শীতকালীন পর্যটনের পূর্ণতাঃ শীতকালে যখন পর্যটকরা তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা ও সমতল চা-বাগান দেখতে আসেন, তখন এই সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড ভ্রমণ ভ্রমণ তালিকাটিকে আরও বেশি আকর্ষণীয় ও পরিপূর্ণ করে তোলে।

বাংলাবান্ধা সীমান্তে একটি সুউচ্চ জাতীয় ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপনের দাবি ছিল স্থানীয় জনগণ ও দেশের ভ্রমণপ্রেমী তরুণ প্রজন্মের দীর্ঘদিনের। জিরো পয়েন্টের অপর প্রান্তে প্রতিবেশী দেশের উচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডে তাদের পতাকা উড়লেও এতদিন বাংলাদেশের পক্ষে তেমন কোনো সুউচ্চ প্রতীক না থাকায় এই উদ্যোগটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবি এবং তরুণ প্রজন্মের আবেগ ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদকে অগ্রাধিকার দিয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন, পঞ্চগড় যৌথভাবে এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। এই ঐতিহাসিক প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, তরুণ সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরের যৌথ সদিচ্ছা কাজ করেছে। পঞ্চগড়বাসীর অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গৃহীত এই প্রকল্পটির উদ্দেশ্য কেবল সীমান্তে একটি পতাকাস্তম্ভ নির্মাণ করা ছিল না, বরং তা ছিল স্বাধীনতা, ইতিহাস, চেতনা, সংগ্রাম ও বিজয়ের একটি অনন্য প্রতিচ্ছবি গড়ে তোলা।

উচ্চতাঃ সমুন্নত পতাকা স্ট্যান্ডের উচ্চতা ১১৭ ফুট (প্রায় ৩৬ মিটার), যা বর্তমানে বাংলাদেশের যেকোনো স্থানে নির্মিত স্থায়ী পতাকাস্তম্ভগুলোর মধ্যে সর্বোচ্চ।

পতাকার সাইজঃ স্তম্ভের চূড়ায় টানানো বিশাল আকৃতির জাতীয় পতাকাটির মাপ ৩০ ফুট × ১৮ ফুট।

কাঠামোঃ অত্যন্ত মজবুত ইস্পাত কাঠামো (Steel Structure) দিয়ে এটি তৈরি করা হয়েছে, যা উন্মুক্ত প্রান্তরের প্রচণ্ড হাওয়া ও প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করে স্বগর্বে দাঁড়িয়ে থাকতে সক্ষম।

সৌন্দর্যঃ বাতাসে যখন ৩০ ফুট দীর্ঘ লাল-সবুজের নিশানা এই ১১৭ ফুট উঁচুতে পতপত করে ওড়ে, তখন তা দূরদূরান্ত থেকে ভ্রমণপিপাসুদের মনে এক অন্যরকম শিহরণ ও দেশপ্রেম জাগিয়ে তোলে।

উদ্বোধনের তারিখঃ ১ নভেম্বর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে এই ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডটির শুভ উদ্বোধন করা হয়। পঞ্চগড়ের তৎকালীন জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও পতাকা উত্তোলন করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (বিজিবি) এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নকশা ও বাস্তবায়নঃ সমুন্নত পতাকা স্ট্যান্ড-এর স্থাপত্য নকশা ও কাঠামোগত পরিকল্পনায় পেশাদার প্রতিষ্ঠান (কম্পাস আর্কিটেক্টস) এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

  • পরামর্শদাতা ও নকশাঃ কম্পাস আর্কিটেক্টস (নকশা, পরামর্শ প্রদান এবং নির্মাণ ব্যবস্থাপনা)
  • প্রধান স্থপতিঃ মোঃ খায়রুল হাসান (দোলন)
  • নকশাঃ রেদওয়ানুল সরদার তারেক ও সিন্থিয়া জামান জুঁই
  • স্ট্রাকচারঃ রাহাদ হোসেন রাজ
  • প্রজেক্ট ম্যানেজারঃ প্রকৌশলী মোঃ আরশাদ উল্লাহ

 

অবস্থানঃ বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় ফ্ল্যাগ স্ট্যান্ড সমুন্নত পতাকা স্ট্যান্ড পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও স্থলবন্দর চত্বরে অবস্থিত।

কিভাবে যাবেনঃ পঞ্চগড় সদর থেকে পঞ্চগড় জেলা শহর বা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধাগামী লোকাল বাস, প্রাইভেট কার বা মাইক্রোবাসে সরাসরি জিরো পয়েন্টে আসা যায়। পঞ্চগড় শহর থেকে সমুন্নত পতাকা স্ট্যান্ড-এর দূরত্ব প্রায় ৫৭ কিমি। তেঁতুলিয়া থেকে তেঁতুলিয়া উপজেলা সদর বা তেঁতুলিয়া ডাকবাংলো থেকে সরাসরি হাইওয়ে ধরে উত্তরে মাত্র ১৭ কিমি এগোলেই বাংলাবান্ধা স্থলবন্দর ও এই সুউচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডটি দেখতে পাবেন। …Travel Tips | Accommodation | Tourist Spots

 


Last updated: 10 November 2026

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn