বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা সফিকুল আলম চৌধুরীর জীবন এক শ্বাসরুদ্ধকর ও রোমহর্ষক অভিজ্ঞতায় পরিপূর্ণ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ‘অপরাধে’ পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে বাঘের খাঁচায় একটানা ছয় দিন বন্দী করে রেখেছিল। বন্দিশিবিরে বাঘের সঙ্গে ওই দীর্ঘ সহাবস্থান এবং হানাদারদের অমানবিক ও নির্মম নির্যাতনের পরও বাঘগুলো তাঁকে আক্রমণ করেনি, এমনকি গায়ে একটি আঁচড় পর্যন্ত কাটেনি। চরম বিপদের মুখেও অসাধারণ সাহসিকতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে তিনি অলৌকিকভাবে সেই ভয়ংকর পরিস্থিতি মোকাবিলা করে বেঁচে ফেরেন।
কিংবদন্তিতুল্য সফিকুল আলম চৌধুরীর ছিলেন একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমিউনিস্ট নেতা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, পাঁচপীর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান এবং পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী সফিকুল আলম চৌধুরী ছিলেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার গুয়াগ্রাম প্রধানপাড়া গ্রামের কৃতি সন্তান। রাজনৈতিক সচেতন বিশালদেহী এক যুবক সফিকুল আলম চৌধুরী মুক্তিযুদ্ধ শুরুর অনেক আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত আলমের বাঘের সঙ্গে লড়াই করার মতোই এক দশাসই চেহারা ছিল। পরবর্তীকালে তিনি বামপন্থী রাজনীতিতে ভিড়েন। একটি বৈষম্যহীন ও সমতার সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের এদেশীয় দোসরদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি।
দেশপ্রেমে উজ্জীবিত আলম চৌধুরী মুক্তিযুদ্ধ শুরু হলে আর ঘরে বসে থাকতে পারেননি, সরাসরি যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে মার্চ মাসে তিনি বোদা এলাকার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে অস্ত্রচালনার প্রশিক্ষণের আয়োজন করেন। মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে বোদা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সফিকুল আলম চৌধুরী ছিলেন তাঁদের অন্যতম। অসীম সাহস ও উদ্দীপনা নিয়ে তিনি সম্মুখযুদ্ধে অংশ নেন। স্বাধীনতাবিরোধী চক্রের কাছে তিনি এক আতঙ্কের নাম হয়ে ওঠেন। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ওই এলাকার রাজাকার ও শান্তিকমিটির নেতারা পুরস্কারও ঘোষণা করেছিল। এমন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে গোপনে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন।
অবশেষে একদিন বীর মুক্তিযোদ্ধা সফিকুল আলম চৌধুরী নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় রাজাকার ও কুখ্যাত আল-বদর কমান্ডার হবি্বরের লোকজনের হাতে ধরা পড়ে যান। ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ছিল সেই দিনটি। পরদিন তাঁকে বোদা থানায় নিয়ে যাওয়া হলে তিনি সেখানে একটি চেয়ারে বসেন। তা দেখে একজন অবাঙ্গালি পুলিশ এসে তাঁকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, ‘শালে কিঁউ কুরসি মে বইঠা হায়!’
বোদা থানা থেকে তাঁর হাত-পা ও চোখ বেঁধে প্রায় ১৮ কিমি দূরে ঠাকুরগাঁও ইপিআর ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে এক ব্যক্তি পাঞ্জাবি সেনাদের জিজ্ঞেস করেন, ‘ইয়ে কোন হ্যায়?’ সেনাদের একজন জবাবে বলে, ‘ইয়ে মুক্তিকা কর্নেল হ্যায়।’ কথাটি শোনামাত্র সেই ব্যক্তি তাঁর পেটে ভীষণ জোরে একটি লাথি বসিয়ে দেন। সারাদিন-সারারাত অভুক্ত থাকার কারণে সফিকুল আলম চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন।

জ্ঞান ফেরার পর চোখ মেলে তিনি দেখতে পান, একটি বাঘের খাঁচায় দুটি বড় ও দুটি বাচ্চা বাঘের মাঝখানে তিনি শুয়ে আছেন। ভয়ে তাঁর চোখ খোলার সাহস হচ্ছিল না। মনে মনে তিনি ভেবেছিলেন, এই বাঘ দিয়েই তাঁকে হত্যা করা হবে। কিন্তু কী আশ্চর্য! বাঘ চারটি সরে গিয়ে খাঁচার পার্টিশন পার হয়ে একপাশে গিয়ে বসে পড়ে। এ সময় এক ব্যক্তি এসে পার্টিশনের দরজা বন্ধ করে দেয়। বাঘের এমন অদ্ভুত আচরণ দেখে পাকিস্তানি সেনা ও কর্মকর্তারাও বেশ অবাক হয়।
কিছুক্ষণ পর এক পাঞ্জাবি সেনা এসে একটি পোড়া রুটি বাঘের প্রস্রাবের ওপর ছুঁড়ে মারে। তীব্র ক্ষুধার জ্বালায় তিনি সেটিই খান। এরপর তাঁকে বাঘের প্রস্রাব মেশানো পানি পান করতে দেওয়া হয়। সন্ধ্যায়ও তাঁকে পোড়া রুটি খেতে দেওয়া হয়। রুটি খেয়ে তিনি মেঝেতে বুক লাগিয়ে শুয়ে পড়েন। এমন সময় একটি বাঘের বাচ্চা এসে তাঁর দুই পায়ের মাঝখানে মাথা রেখে শুয়ে পড়ে। এ দৃশ্য দেখে তাঁর গায়ের রক্ত ভয়ে হিম হয়ে আসে। নির্ঘুম সারা রাত তাঁর এভাবেই কেটে যায়। কিন্তু অলৌকিকভাবে বাঘগুলো তাঁর কোনো ক্ষতি করেনি।
পরের দিন সকালে সফিকুল আলম চৌধুরীকে বাঘের খাঁচা থেকে বের করে আনা হয় এবং যথারীতি একটি পোড়া রুটি খেতে দেওয়া হয়। তাঁর দু’হাত বেঁধে এক পাঞ্জাবি সেনা তাঁকে জিজ্ঞেস করে, ‘তুম কোন পার্টি করতা হ্যায়?’ তিনি জবাব দেন যে, তিনি ওয়ালী খানের ন্যাপ পার্টি করেন। তখন সেই লোক রেগে গিয়ে বলে, ‘বাইনচোত, তুম গাদ্দার হায়। ওয়ালী খান ভি গাদ্দার হায়!’ এরপর সে আরও জিজ্ঞেস করে, ‘আন্দার মে কেতনা মুক্তি হায়?’ তিনি জানান যে তিনি তা জানেন না। সঙ্গে সঙ্গে লোকটি তাঁকে বেত দিয়ে পেটানো শুরু করে। মারের চোটে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি দেখতে পান যে, তাঁকে আবার বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং একটি বাঘ তাঁর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে একদিন দু’জন মেজর এসে বলে, ‘শের কো নাড়ো’। বাঘের গায়ে হাত দিতেই বাঘ সরে যায়। তারা আবার বলে, ‘তোমহারা শির শের কা মু কা পাস লে যাও’। সফিকুল আলম চৌধুরী যখন মাথা বাঘের মুখের কাছে নিয়ে যান, তখন বাঘ চারটিই সরে গিয়ে খাঁচার এক কোণে গিয়ে বসে থাকত। হানাদার কর্মকর্তারা বাঘের এমন আচরণ দেখে বিস্মিত হতো।
সফিকুল আলম চৌধুরীকে ধরা পড়ার পর দীর্ঘ ছয় দিন হানাদারদের বন্দিশালায় বাঘের সঙ্গে খাঁচায় অবস্থান করতে হয়েছিল। এটি অবিশ্বাস্য যে, হিংস্র বাঘগুলো তাঁকে স্পর্শ পর্যন্ত করেনি। তবে এই নির্যাতনের লোমহর্ষক স্মৃতি বাকি জীবনের প্রতিমুহূর্তে তাঁকে আতঙ্কিত করে রেখেছিল। সেই আতঙ্কিত ও ভয়াবহ স্মৃতির যন্ত্রণা নিয়েই শারীরিক প্রতিবন্ধী অবস্থায় তিনি নিভৃতে জীবনযাপন করছেন। বাড়ির আড্ডাখানায় বসে স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি শুনিয়েছিলেন সেই নির্যাতনের করুণ কাহিনি। বাঘের আক্রমণে নিরীহ-নিরপরাধ বাঙালি সন্তানরা যখন যন্ত্রণায় চিৎকার করত, তখন তিনি অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সেই নিরস্ত্র মানুষগুলোর দিকে। হিংস্র বাঘগুলো যখন মুক্তিসেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ত, তখন তাঁর মনে হতো—এই নির্মম দৃশ্য প্রত্যক্ষ করার চেয়ে মৃত্যুও অনেক শ্রেয়। প্রায় প্রতিদিন নতুন নতুন লোকজনকে বাঘের হিংস্র আক্রমণের যন্ত্রণাকাতর শাস্তি ভোগ করার জন্য খাঁচায় নিয়ে আসা হতো। কারও বুকের মাংস, কারও কান, নাক বা চোখ উপড়ে ফেলা হতো এবং তাজা রক্তে রঞ্জিত হতো বাঘের খাঁচা। রক্তে ভেজা সেই খাঁচা শুকানোর আগেই গুলি করে হত্যা করা হতো ওই নিরীহ বাঙালি সন্তানদের।

সফিকুল আলম চৌধুরী হিংস্র বাঘের আচরণ সম্পর্কে নিজ মুখে বর্ণনা করে জানান যে, সেই খাঁচায় মোট চারটি বাঘ ছিল—যার মধ্যে তিনটি বড় এবং একটি দুগ্ধপোষ্য ছানা। ছোট বাঘের ছানাটি প্রায়ই তাঁর পায়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ত। আর বড় বাঘগুলো তাঁর শরীরের ঘ্রাণ নিয়ে চারদিকে ঘুরত এবং পরবর্তীতে খাঁচার এক কোণে গিয়ে চুপচাপ শুয়ে থাকত। এভাবে দীর্ঘ ছয় দিন বাঘের খাঁচায় বাঘদের সঙ্গেই তাঁকে সহাবস্থান করতে হয়েছিল।
হানাদাররা হিংস্র বাঘের এমন অদ্ভুত আচরণ দেখে মন্তব্য করত, ‘এ বড়ো শরিফ আদমি হ্যায়!’ এভাবেই ক’দিন বেশ নির্ঝঞ্ঝাট কাটত; কিন্তু সেনা ছাউনিতে টিম বদল হলেই নতুনদের আগমন ঘটত এবং পুনরায় শুরু হতো পাশবিক নির্যাতন। তাঁকে সম্পূর্ণ উলঙ্গ করা হতো। বেত, বেয়নেট ও রাইফেলের আঘাত ছিল প্রতিদিনের সকালের নাস্তা ও রাতের ভোগ। বাঘের মলমূত্রের ওপর ফেলে দেওয়া পোড়া রুটি তাঁকে কঠোর যন্ত্রণার মধ্যে খেতে হতো। নির্যাতনে অচেতন হয়ে পড়লে তাঁর চোখে-মুখে বাঘের মূত্র ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা চালানো হতো। পচা দুর্গন্ধে তাঁর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হতো। জ্ঞান হারালেই তাঁকে আবার ফেলে রাখা হতো বাঘের খাঁচায়। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেতেন, ছোট বাঘটি তাঁর উরুতে মাথা রেখে শুয়ে আছে।
সেই বীভৎস কাহিনি বর্ণনা করার সময় সফিকুল আলম চৌধুরীর চোখ ছলছল করে উঠত—অথচ লম্বা গড়নের এই মানুষটির একসময়ের হুংকারে কেঁপে উঠত শোষক ও শাসকদের আসন!
পাকিস্তান বাহিনী নিজেদের পতনের সময়, অর্থাৎ ১৯৭১ সালের ডিসেম্বর নাগাদ সফিকুল আলম চৌধুরীকে থানায় হস্তান্তর করলে তাঁকে ঠাকুরগাঁও মহকুমা হাকিমের কোর্টে হাজির করা হয়। মহকুমা হাকিম তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে জজ কোর্টে সফিকুল আলম চৌধুরী জামিন পেয়ে যান। জামিন পেয়ে তিনি যখন জেল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই একটি সামরিক গাড়ি এসে তাঁকে আবারও ধরে ফেলে। এক মেজর তখন ক্ষিপ্ত হয়ে বলেন, ‘শালা, তুম ভাগনে কা কোশেশ করতা হ্যায়!’ এরপর তাঁকে পুনরায় জেলে পুরে দেওয়া হয়।
এর কিছুদিন পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঠাকুরগাঁওয়ে প্রবেশ করলে পাকিস্তানি সেনারা পালিয়ে যায়। একপর্যায়ে একজন বাঙালি পুলিশ অফিসার তাঁকে চাবির গোছা দিলে তিনি নিজেই জেলখানার লকআপ খুলে বাইরে বেরিয়ে আসেন। এভাবেই চিরতরে মুক্তি পান অদম্য পুরুষ ও বীর মুক্তিসেনা সফিকুল আলম চৌধুরী।

স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই সফিকুল আলম চৌধুরী নিজ এলাকায় ‘আলম চৌধুরী’ নামে সমধিক পরিচিত ছিলেন। তাঁর মহান আত্মত্যাগ এবং রাজনৈতিক সচেতনতা তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে ভূষিত করেছিল। জনসভার মঞ্চে তিনি যখন গম্ভীর ও দৃঢ় চেহারায় আবেগঘন বক্তৃতা দিতেন, তখন পুরো এলাকায় পিনপতন নীরবতা নেমে আসত; তাঁর সেদিনের কথা ও সংগ্রামের গল্প শুনে সকলে শিহরিত হতেন। সফিকুল আলম চৌধুরী পাঁচপীর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হন এবং পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া নিজ এলাকায় তিনি প্রতিষ্ঠা করেন ‘বৈরাতী উচ্চ বিদ্যালয়’।
কৃষক আন্দোলনের পুরোধা, সংগ্রামী মানুষ এবং বাম রাজনীতির তাত্ত্বিক জ্ঞানে বলীয়ান এই সাহসী পুরুষ স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিভৃতে নিজের ভুবনে মুক্তিযুদ্ধের সেই ভয়ংকর দিনগুলোর স্মৃতি বুকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিয়েছেন। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ২০১৮ সালের ১২ মার্চ মুক্তিযুদ্ধের এই বীর সেনা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বীর মুক্তিযোদ্ধা সফিকুল আলম চৌধুরীকে পাঁচপীরের গোয়াগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ব্যক্তিজীবনে সফিকুল আলম চৌধুরী দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর কন্যা সুমনা ফেরদৌস চৌধুরী সিমি বাংলাদেশের একজন সনামধন্য ও প্রতিষ্ঠিত সাংবাদিক।
১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা বইয়ে প্রকাশিত শফিকুল আলম চৌধুরীর প্রত্যক্ষ বর্ণনা নিচে তুলে ধরা হলোঃ
বাঘের খাঁচায় ছয়বার
সফিকুল আলম চৌধুরী
১৯৭১ ভয়াবহ অভিজ্ঞতা – রশীদ হায়দার সম্পাদিত, পৃষ্ঠা: ১৩৩-১৩৭, দ্বিতীয় মুদ্রণ: ফেব্রুয়ারী ১৯৯০
সাবেক দিনাজপুর জেলার বোদা থানার পাঁচপীর, সাকোয়া, মাড়েয়া ও দেবীগঞ্জ থানার শালডাঙ্গা ও পামুলী ইউনিয়নে সংগ্রাম পরিষদ গঠন এবং বোদা থানা থেকে রাইফেল নিয়ে আনসারদের দ্বারা কিছু যুবককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করায় আমাকে ধরার জন্যে রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা মোটা টাকার পুরস্কার ঘোষণা করেছিলো।
একসময় আমি ধরা পড়ে যাই। কিভাবে ধরা পড়ি তার বর্ণনা দীর্ঘ, তবে তেমন চমকপ্রদ নয়, কিন্তু ধরা পড়ার পর যেসব ঘটনা ঘটলো তা শুধু অবিশ্বাস্য নয়, অকল্পনীয়।
ধরা পড়ার পর, আমাকে খাওয়ানোর কথা বলে নয়াদীঘি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি কুখ্যাত আলবদর হবিবর কমান্ডার, সাকোয়ার সৈয়দ হাজী, সেরাজুল ডাক্তার, হোসেন ঢাকাইয়া ও দারাজদ্দীন। তারা আমাকে খাওয়াতে বসায়, তারাও বসে। থালা ও পানির গ্লাস আমার সামনে দেয় কিন্তু কোন ভাত দিল না। তারা সবাই ভাত খেয়ে উঠল এবং সারারাত আমাকে না খাইয়ে দড়ি দিয়ে বেঁধে রাখলো। পরের দিন ৪ সেপ্টেম্বর সকালে বোদা থানা থেকে দুইজন পুলিশ এসে আমার হাত ও চোখ বেঁধে বোদা থানায় নিয়ে আসে। আমি একজন পুলিশকে চোখে বাঁধা কাপড়টি খুলে দিতে বললাম। জানি না সে কি মনে করে চোখের কাপড়টা খুলে দিল। চোখ খুলে দেখি রাস্তার দুই পার্শ্বে নারী-পুরুষ আমার দিকে অশ্রু সজল চোখে দেখছে। থানায় থানা অফিসার আমাকে বসতে বললো। আমি একটা চেয়ারে বসলাম। একজন বিহারী পুলিশ এসে আমাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে বললো, ‘শালা মাদার চোদ, কেও কুরছি মে বইঠা?” আমি হতভম্ব হয়ে বাঙালী দারোগাকে বললাম–আমি তো বসতে চাইনি। দারোগা কোন উত্তর করলো না। দারোগা আমার নাম-ঠিকানা লিখে নিল।
এরপর একজন পুলিশকে দিয়ে আমার চোখ বেঁধে দিতে এবং হ্যান্ড কাপ লাগিয়ে বোদা হাই স্কুলের মাঠের দিকে নিয়ে যেতে বললো। স্কুলের মাঠ পৌছাতেই কে একজন মিলিটারি অফিসার আমার চোখের বাঁধন খুলে দিতে বললো। তখন আমি একজন মিলিটারি অফিসার, চন্দনবাড়ীর সেরাজুল করিম এবং কয়েকজন মিলিটারিকে বসে থাকতে দেখি। আমি আচ্ছালামো আলাইকুম বললাম। পাজাহী অফিসার কোন উত্তর না দিয়ে আমাকে বলে, ‘কেয়া, তুম হিন্দু হ্যায়?’ আর কোন কথা আমি বলিনি। পরক্ষণে দুইজন পাঞ্জাবী আমার চোখ বেঁধে ফেলে এবং দুইজন দুই বাহু ধরে আমাকে জীপ গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ি চলতে থাকে। আমি বুঝতে পারছি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আনুমানিক আধ ঘন্টা পর গাড়িটি থেমে গেলে আমাকে দুইজন পাঞ্জাবী গাড়ি থেকে নামিয়ে দাঁড় করিয়ে রাখে। তারা বলে যে, ক্যান্টনমেন্ট এসে গেছি। আমি তখন ধারণা করলাম যে ঠাকুরগাঁও ক্যান্টনমেন্টে পৌঁছে গেছি। এমন সময় শুনতে পাই আমার সামনে দিয়ে একজন লোক কাপ-পিরিচ নিয়ে যাচ্ছে। লোকটি দাঁড়ায় এবং উর্দু ভাষায় ঐ দুই পাঞ্জাবীকে জিজ্ঞেস করে, “ইয়ে কোন হ্যায়।’ তখন ওরা বলে, ‘এ মুক্তিকা কর্নেল হায়।’ সঙ্গে সঙ্গে লোকটি আমার পেটে ভীষণ জোরে একটা লাথি মারে। সারাদিন ও সারারাত অভুক্ত থাকার ফলে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ি।
জ্ঞান ফেরার পরে চোখ খুলতেই আমি দেখি–চারটি জীবন্ত বাঘের মাঝে আমি শুয়ে আছি। চোখ খোলার সাহস পেলাম না। নিঃসাড় পড়ে থেকে ভাবলাম বাঘকে দিয়েই আমাকে হত্যা করা হবে। কিন্তু কিছুক্ষণ পরে বাঘ চারটি সরে গিয়ে খাঁচার পাশে বসে থাকলো। আর, পি, এসে বাঘের খাঁচার দরজাটি বন্ধ করে দিল। ঐ খাঁচাটি বাঘ রাখার জন্যেই তৈরি করা হয়েছে বলে আমার ধারণা। মাঝখানে একটা পার্টিশন আছে। একটি দরজাও ওখানে রয়েছে। যখন আমাকে ভিতরে রাখা হয়েছিল তখন বাঘ আর আমি একসঙ্গে অবস্থান করছিলাম। সেই সময় বাঘ আমাকে কিছু না করায় তাদের পার্টিশনের মধ্যে বাঘ চলে যায়। এই দেখে তারাও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর একজন পাঞ্জাবী এসে একখানা পোড়া রুটি বাঘের পেশাবের উপরে ফেলে দেয়। ক্ষুধার তাড়নায় আমি ওই রুটিই বাধ্য হয়ে খাই এবং পানি খেতে চাইলে বাঘের পেশাব মেশানো পানি আমাকে খেতে দেয়। নিরুপায় হয়ে সে পানিও আমি খাই। এমনি করে সন্ধ্যা হয়ে আসে। ঠিক সন্ধ্যার সময় ওই কায়দায় একটি পোড়া রুটি আমাকে খেতে দেয়। আমি তা খাই। সন্ধ্যার পরে আমি মেঝেতে বুক লাগিয়ে শুয়ে পড়ি। এমন সময় বাঘের বাচ্চাটি আমার কাছে চলে আসে এবং দুই পায়ের মাঝখানে মাথা রেখে শুয়ে পড়ে। ভয়ে আমার সমস্ত শরীর কাঁপতে থাকে। মনে হয় আমাকে রাতে তারা গুলি করে মারবে। সারারাত ঘুমাই না। সকাল বেলা ঠিক ঐভাবে আর একটি রুটি আমাকে খেতে দেয়। রুটি খাওয়ার পর বাঘের খাঁচা থেকে বের করে আমার দুই হাত বেঁধে একজন পাঞ্জাবী মেজরের কাছে নিয়ে যায়। তার কাছে পৌছালেই সে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে বলে, ‘তুম কোন পার্টি করতা হ্যায়।’ তখন আমি বলি যে, আমি ওয়ালী খান ন্যাপ করি। তখন সে বলে, বাইন চোদ, তুম গাদ্দার হ্যায়, ওয়ালী খানভি গাদ্দার হয়। সে আরও জিজ্ঞাসা করে আন্দার মে কেতনা মুক্তি হয়। আমি বললাম আমি কিছুই জানি না। সঙ্গে সঙ্গে সে চেয়ার থেকে উঠে তার হাতের বেতখানা দিয়ে আমার মাথায় মারতে শুরু করে। সাতটি বেত পর্যন্ত আমি বলতে পারি। তারপরে অজ্ঞান হয়ে যাই।
জ্ঞান ফিরে দেখি আমি আবার বাঘের খাঁচায় এবং খাঁচার মাঝখানের দরজা খোলা আছে। বাঘরা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করি। কিছুক্ষণ পর বাঘ আবার তাদের জায়গাটিতে চলে যায়। আর, পি, এসে তখন মাঝখানের দরজাটি বন্ধ করে দেয়। আমার মুখে আমি হাত দিলেই পানির মতো লাগে। তখন আমি ঘ্রাণ নিয়ে দেখি যে বাঘের পায়খানার গন্ধ আমার মুখের মধ্যে। অর্থাৎ যে টিন দিয়ে বাঘের পায়খানা পরিষ্কার করে সেই টিন দিয়েই অজ্ঞান অবস্থায় আমার মুখে পানি দেওয়া হয়েছিল বলে আমার ধারণা। পরের দিন আবার আমাকে মেজর ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। বলে যে, কেতনা গাদ্দার আদমী এধার হ্যায়। আমি তখন বলি আমি জানি না। তখন আমাকে বলে, শালা তোমকো গুলিছে মারে গা। আমি বললাম আপকা যো মরজি আপ করিয়ে। তারপর আমাকে দুইজন পাঞ্জাবী বাইরে নিয়ে আসে এবং মাটির মধ্যে শুইয়ে আরও চারজন পাঞ্জাবীকে ডাকে। তারা আমার দুই হাত ও দুই পা চেপে রাখে এবং দুইজন আমার উপর উঠে বুট জুতা দিয়ে মাড়াতে শুরু করে। আমি ভীষণভাবে আর্তনাদ করে উঠি এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে পুনরায় দেখি আমি বাঘের সঙ্গেই পড়ে আছি। প্রতিদিনের মতোই একটি রুটি আমি খাই। এর মধ্যে দুইজন লোককে সন্ধ্যার দিকে নিয়ে আসে এবং অনুমান রাত নয়টার দিকে আমার কাছ থেকে তাদেরকে কিছুদূরে নিয়ে গুলি করে মারে।
আমি কোনদিন ঘুমাই না। বাঘের বাচ্চাটি নিয়মিত আমার পায়ের উপর মাথা রেখে ঘুমাতো। পরের দিন আবার মেজর ডেকে পাঠায় এবং আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তুম যো ইন্ডিয়া সে আয়া তুম ওধার কেয়া কেয়া দেখখা। আমি বলি হাম তো ইণ্ডিয়া নেহি গিয়া, আপকো কেয়া বাতায়ে গা। জবাব শুনে সে চেয়ার থেকে উঠে আমার চুল ধরে দুই থাপ্পড় মারে এবং জিজ্ঞাসা করে, তুমহারা পাছ যো স্টেনগান আওর রাইফেল থা ও কিসকা পাছ হ্যায়। আমি বলি, যব ই. পি. আর. লোক ইন্ডিয়া যা রাহা হাম উনলোক কো দে দেয়া। তখন সে আমাকে বলে, গাদ্দার শুয়োর কা বাচ্চা, আভি তক ঝুট বাত বলতা হ্যায়? এরপর পাঞ্জাবী দুইজনকে বলে, ইসকো নাক মে কাপড় দে কর পানি ঢালো। তারপরে আমাকে তারা বাইরে নিয়ে যায়। নাকের উপর একখানা কাপড় দিয়ে পানি ঢালতে শুরু করে। আমি ভীষণভাবে ছটফট করতে শুরু করি। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি। মুসলমান হিসাবে কলেমাও পড়ি। তারপর কখন যে অজ্ঞান হয়ে যাই বলতে পারি না।
জ্ঞান ফিরলে দেখি আমি আবার বাঘের সঙ্গে অবস্থান করছি। কিছুক্ষণ পর অবশ্য বাঘ আবার নিজের জায়গায় ফিরে যায়। তখন তারা দরজা বন্ধ করে দেয়। আমার এ কষ্ট আর অত্যাচার সহ্য হচ্ছিল না। তাই মনে মনে ঠিক করলাম আগামীকাল মেজর ডাকলে আমাকে মিথ্যা কথাই বলতে হবে। প্রতিদিনের নিয়ম অনুসারে মাত্র একটি করে রুটি খেয়ে আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ি। পরের দিন মেজর আবার ডেকে পাঠায় (তার নাম মেজর রানা) ও জিজ্ঞাসাবাদ শুরু করে, তুম যব ইন্ডিয়া সে আরাহা হায় তব তুম কেয়া দেখা হ্যায় ঠিকছে বাতাও। তখন আমি বললাম, যব হাম ইন্ডিয়াসে আরাহা হ্যায় কেয়া বাতায় গা আপকো। বর্ডার কা উস তরফ কমছে কম দু’ মাইল তক হাম ট্যাঙ্ক আওর বহুত আর্মি দেখা। এরপর আবার আমাকে জিজ্ঞাসা করে মুক্তি কিধর হায়। আমি বললাম, মুক্তি বর্ডার মে রাহতা হ্যায়। তখন সে আবার আমাকে জিজ্ঞাসা করলো, ইস্ট পাকিস্তান কা আনদার মুক্তি রাহতা হ্যায়। তখন বললাম, জী নেহী, উনলোক বর্ডারসে ইধার অপারেশন করতা হ্যায়। এই কথা শুনে সে বললো, হা হা ঠিক বাত কাহতা হ্যায়, ও ইসকো লে যাও। তারপর আমাকে আবার বাঘের খাঁচায় নিয়ে এলো। ঐদিন বাঘের দরজা খুলে দিল। বিকেলের দিকে প্রায় ১৫ জন লোককে ধরে নিয়ে এনে সবাইকে এই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। ঢোকার সাথে সাথেই বাঘ ১০/১২ জনের মুখে থাবা মেরে মাংস উড়িয়ে দিলো। লোকগুলোর তখন কি ভয়ংকর আর্তনাদ। সন্ধ্যার দিকে লোকগুলোকে নিয়ে পাশেই গুলি করে মেরে দিল।
পরের দিন আমাকে ঠাকুরগাঁয়ে জেলে পাঠিয়ে দিল। দুইদিন পরে আমাকে এস,ডি,ও, কোর্টে হাজির করালো। এস.ডি.ও, তসলিমুদ্দীন সাহেব বাঙালী। জিজ্ঞাসা করলেন, তুমি কতজন বিহারীকে হত্যা করেছো এবং একজন সৈন্যকে কিডনাপ করে অস্ত্র কেড়ে নিয়েছিলে। বললাম, জী-না। আমি কোন বিহারীকে হত্যা করিনি। তিনি আমাকে আবার জেলখানায় পাঠিয়ে দেন। পরের দিন আবার এস.ডি.ওর সামনে হাজির করে কোন জিজ্ঞাসাবাদ না করেই তিনি আমাকে দু’বছর সশ্রম কারাদণ্ডের রায় পড়ে শোনান। কোর্ট থেকে বের হওয়ার সময় আমার লোককে বললাম, তোমরা জজ সাহেবের কাছে আপিল কর। সেই মোতাবেক তারা আপিল করলে জজ সাহেব আমাকে জামিন দেন। জামিনের কাগজ জেলখানায় এলে জেলার আমাকে জেল থেকে বের করে। সঙ্গে সঙ্গেই মিলিটারির গাড়ি এসে আমাকে ক্যান্টনমেন্ট নিয়ে যায় এবং মেজর বলে, শালা তুম ভাগনেকা কওশেশ করতা হ্যায়। আমি বললাম জী নেহি। জজ সাহেব হামকো বেল দিয়া হ্যায়। সে এসব কিছু বুঝতে চায় না এবং বেত নিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফেরার পর দেখি আবার আমি বাঘের খাঁচায় এবং বাঘ আমার চারদিকে ঘোরাফেরা করছে। তখন আমার ধারণা হলো যে এবার আমাকে তারা ছাড়বে না। ঠিক আগের মতো বাঘ তাদের জায়গায় ফিরে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমি খাঁচার মধ্যে বসে থাকলাম। আগের মতই আমাকে খাওয়া দিচ্ছিল। সন্ধ্যায় প্রায় ৮/১০ জন লোককে ধরে নিয়ে এসে নয়টার দিকে তাদেরকে গুলি করে মেরে দিল। পরের দিন সকাল বেলা বালিয়াডাঙ্গি থেকে এক মেজর এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুম কোন হ্যায়? আমি বললাম হাম আদমী হয়। সে বললো, শের কো নাড়ো। আমি বাঘের গায়ে হাত দিতেই বাঘ সরে গেল। তার পরে মেজর ফিরে গেল।
আরেকদিন পঞ্চগড় থেকে এক মেজর এসে আমাকে বললো, তোমার মাথা বাঘের মুখের কাছে নিয়ে যাও। দরজা খুললে আমার মাথা বাঘের কাছে নিয়ে গেলাম। বাঘ চারটিই আমার কাছ থেকে সরে গিয়ে এক কোণায় বসে থাকলো। তখন তারা আমাকে বের হয়ে আসতে বলে বলাবলি শুরু করলো, ইয়ে বহুত শরীফ লাড়কা হায়। কেও শের ইসকো নেহি খাতা হ্যায়? কেও ইসকো ছোড় নেহি দেতা হ্যায়। ঐ দিনই বিকেলে কর্নেল আমার সঙ্গে দেখা করে বলে, তুমহারা কুই তখলিফ হ্যায়, খানা মিলতা হ্যায়, তুম কো হাম মুসলমান বানায়ে গা। তুম ইয়ে রাজনীতি ছোড় দো। কেতনা লেখাপড়া কিয়া হ্যায়। আমি বললাম, দেখিয়ে কর্নেল সাহাব, হামতো মুসলমানই হ্যায়। আপ মুসলমান হো করকে শের কো পেসাব আওর পায়খানায়ে রুটি খাওয়াইয়া হ্যায়, ইয়ে কেয়া মুসলমানি আদত হ্যায়। এতনা দিনছে হামকো আপ হিয়া রাখা হ্যায় একঠা রুটি দেকর, আপকা ইনছানিয়াত নেহি হ্যায়? হামকো আপ গুলিছে মার দিজিয়ে। তখন সে আমাকে বললো, ঠিক হ্যায়, তুমকো হাম নেহি মারে গা, তুমকো হাম ছোড় দেঙ্গে, আজছে তুমকো আচ্ছে আচ্ছে খানা মিলেগা। এরপর সে চলে যায়। সন্ধ্যার পর মুষলধারে বৃষ্টি ও বাতাস শুরু হয়। সারারাত আমি বৃষ্টির মধ্যে ভিজতে থাকি এবং পরদিন বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থাকি। প্রায় দিনই তারা বিভিন্ন জায়গা থেকে লোক ধরে নিয়ে আসে এবং সন্ধ্যার দিকে গুলি করে মারে। তারা এভাবে প্রায় ১৫০ জনকে গুলি করে মারে।
কয়েকদিন পর পঞ্চগড় ওমরখানা মুক্তি ও মিত্র বাহিনী আক্রমণ করলে কর্নেল আমাকে ঠাকুরগাঁও থানা হাজতে পাঠিয়ে দেয়। তখন আমি তাকে বলি, কর্নেল সাহাব, আপ মুসলমান হো কর হামারা সাথ ওয়াদা কিয়া তুম হামকো ছোড় দেঙ্গে। সে তখন কোন উত্তর দেয় না। ঠাকুরগাঁও থানা হাজতে পৌছার দুইদিন পর মুক্তি ও মিত্র বাহিনী ঠাকুরগাঁও ভুল্লী পর্যন্ত অগ্রসর হলে পাঞ্জাবী দারোগা পুলিশ হাতের বাকী আসামীকে ছেড়ে দিয়ে সৈয়দপুরের দিকে পালাতে শুরু করে। কিন্তু আমাকে ছাড়েনি। ওই সময় ঠাকুরগাঁও থানায় আমার একজন আত্নীয় মোঃ সাত্তার সি. আই. হয়ে আসেন। এই ফাঁকে তার সঙ্গে আমি একটু কথা বলে নিই। সে বলে, আমি বাঁচলে তুমিও বাঁচবে। ভোর ছয়টায় পালাবার সময় আমাকে লক আপের চাবি দিয়ে যায় এবং আমি লক আপটি খুলে জেল হাজত থেকে পালাতে শুরু করি। তখন পাঞ্জাবী সৈন্যরা ঠাকুরগাঁয়ের চারপাশে খাল খনন করছিল। আমি তাদেরকে ফাঁকি দিয়ে কাপড় পরিবর্তন করে পালিয়ে বাড়ী আসি।
…আরো পড়ুন পঞ্চগড়ের অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ | মুক্তাঞ্চল তেঁতুলিয়া
তথ্যসূত্রঃ সুমনা ফেরদৌস চৌধুরী সিমি | স্টালিন চৌধুরী | আমজাদ কবির চৌধুরী | ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকু | Liberation Archive Institute
Last updated: 14 March 2026

