এ কে এম ফজলুল হক বাদশা – Fazlul Haque Badsha

দেশের জন্য যাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা এবং তারুণ্যের দীপ্তিতে যিনি ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে, সেই বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক বাদশা ছিলেন একাত্তরের এক অদম্য সূর্যসন্তান। পঞ্চগড়ের মাটিতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ৬ নম্বর সেক্টরের অধীনে আটোয়ারী ও বোদাসহ বিভিন্ন অঞ্চলে সম্মুখযুদ্ধে যিনি সাহসিকতার সাথে লড়াই করেছিলেন, তিনি সেই অঞ্চলের মুক্তিসংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। কৈশোরেই যুদ্ধ ও পরাধীনতার গ্লানিকে পেছনে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে পঞ্চগড়কে শত্রুমুক্ত করতে তাঁর এই অবদানের কথা আজও স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক বাদশা ১৯৫৪ সালে রংপুর সদর উপজেলার তপোধনের বাহার কাছনা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাদের মিয়া এবং মাতা ছাহেরা খাতুন। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তাঁর বেড়ে ওঠা রংপুর শহরের শালবনে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রংপুরের কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫ থেকে ১৬ বছর। টগবগে এই তরুণের লেখাপড়া শেষ করে বড় হওয়ার ইচ্ছা থাকলেও পরাধীন দেশের গ্লানি এবং অন্য দেশের হুকুমদারি তাঁর ভালো লাগত না। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে স্বাধীনতার ডাক এলে তিনি ঘরে বসে থাকেননি। দেশকে স্বাধীন করার প্রত্যয় নিয়ে তিনি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। তাঁর পরিবারের আরও দুই ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন; যার মধ্যে একজন বৃহত্তর রংপুর জেলা মুজিব বাহিনী (বিএলএফ)-এর ডিস্ট্রিক্ট লিডার মুকুল মোস্তাফিজ এবং অন্যজন একই বাহিনীর আজিজুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক বাদশা-এর মুক্তিযোদ্ধা সনদ

তিনি মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরে (রংপুর-দিনাজপুর) সেক্টর কমান্ডার খাদেমুল বাশার বীর উত্তমের নেতৃত্বে পঞ্চগড় জেলার আটোয়ারী, বোদাসহ বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। বয়স কম থাকায় শুরুতে তাঁকে ভারী অস্ত্র হাতে যুদ্ধ করতে দেওয়া হয়নি। তাঁর মূল দায়িত্ব ছিল হানাদারদের ঘাঁটি এবং তাদের যাতায়াতের বিভিন্ন ব্রিজে বোমা পুঁতে রাখা এবং সময়মতো তা বিস্ফোরণ ঘটানো। যুদ্ধের শেষ সময়ে দিন-রাত বৃষ্টিতে ভিজে শত্রুপক্ষের ক্যাম্প বোমা দিয়ে উড়িয়ে দেন রংপুরের এই সূর্যসন্তান। এছাড়া একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের ভারী অস্ত্রের মোকাবেলাও তিনি সাহসিকতার সঙ্গে করেছিলেন।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হয়। বিজয় অর্জনের পর লাল-সবুজের পতাকা হাতে যখন সবাই ঘরে ফিরছিলেন, তখন টানা বৃষ্টিতে ভিজে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ট্রানজিট ক্যাম্পে অসুস্থ অবস্থায় পড়েছিলেন বাদশা। এদিকে পরিবারের সবাই ভেবেছিলেন তিনি যুদ্ধে শহীদ হয়েছেন। পরবর্তীতে তিনি বেঁচে আছেন এমন খবর পেয়ে পরিবারের লোকজন ক্যাম্প থেকে তাঁকে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনেন। অন্যান্য মুক্তিযোদ্ধার মতো সেভাবে বিজয়ের উল্লাস করতে না পারলেও তাঁর মনে ছিল দেশমুক্তির অনাবিল তৃপ্তি এবং ঠোঁটের কোণে বিজয়ের হাসি।

যুদ্ধ শেষে সুস্থ হয়ে তিনি পড়াশোনা শেষ করেন এবং সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে রংপুরের বদরগঞ্জ উপজেলার মেয়ে মমতা পারভীন রেখার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ের নাম সোহানা তানভীন এবং ছেলের নাম মোন্তাশির পারভেজ (অংকুর), যিনি রংপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য।

যুদ্ধজয় করা এই বীর সেনানি ২০১৬ সালের ৬ই জুলাই এক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এর একদিন পর তিনি মৃত্যুবরণ করেন।

…আরো পড়ুন পঞ্চগড়ের তালিকাভুক্ত শহীদ মুক্তিযোদ্ধা | পঞ্চগড়ের সকল মুক্তিযোদ্ধাদের তালিকা | পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বধ্যভূমি ও গণকবর


তথ্যসূত্রঃ মোন্তাশির পারভেজ (অংকুর) | নুরুজ্জামান মানিক
Last updated: 1 November 2026

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক বাদশা
(জন্মঃ ১৯৫৪ - মৃত্যুঃ ৬ জুলাই ২০১৬)

  • বীর মুক্তিযোদ্ধা
  • তরুণ মুক্তিযোদ্ধা