পঞ্চগড়ের মুক্তিসংগ্রাম ও প্রতিরোধযুদ্ধের এক অনন্য বীর সুবেদার (অব.) মোঃ ওসমান গনি, বীর প্রতীক।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং উত্তরাঞ্চলের প্রতিরোধযুদ্ধের ইতিহাসে যে কটি নাম অত্যন্ত সাহসিকতার সঙ্গে উচ্চারিত হয়, তাঁদের মধ্যে অন্যতম হলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মোঃ ওসমান গনি, বীর প্রতীক। বিশেষ করে একাত্তরের উত্তাল মার্চ ও এপ্রিল মাসে পঞ্চগড়সহ বৃহত্তর দিনাজপুর অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং মুক্তিবাহিনীকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রিয়ার হেডকোয়ার্টারের কঠিন দায়িত্ব পালন থেকে শুরু করে ৬ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান—প্রতিটি ক্ষেত্রে তাঁর অদম্য নেতৃত্ব স্থানীয় মুক্তিসংগ্রামের গতিপথকে ত্বরান্বিত করেছিল।
তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি দিনাজপুর ইপিআর সেক্টরের রংপুর (১৯ নম্বর) উইংয়ের অধীন চিলমারীতে সুবেদার পদবিতে কর্মরত ছিলেন এবং একটি কোম্পানির অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। ২৫ মার্চের দু-তিন দিন আগে তিনি সুবেদার মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন। সেক্টর হেডকোয়ার্টার্সে যাওয়ার নির্দেশ পেয়ে তিনি চিলমারী থেকে রংপুর হয়ে দিনাজপুরের দিকে রওনা হন। ঠিক সেই মুহূর্তে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ এবং পথিমধ্যে পার্বতীপুর রেলস্টেশনে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আক্রান্ত হয়েও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান।
মোঃ ওসমান গনি ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন শেষে দিনাজপুর সার্কিট হাউসে অবস্থান করছিল ২৬ এফএফ রেজিমেন্টের এক কোম্পানি পাকিস্তানি সেনা, যারা ২৬ মার্চ নাগাদ হঠাৎ ইপিআর সেক্টরে গোলাবর্ষণ শুরু করে। সে সময় সেক্টর হেডকোয়ার্টারে কোনো বাঙালি কর্মকর্তা বা প্রবীণ সুবেদার মেজর উপস্থিত না থাকায় ইপিআর মর্টার প্লাটুনের বাঙালি সেনারা সাহসিকতার সঙ্গে কুঠিবাড়ি থেকে বেরিয়ে কাঞ্চনে অবস্থান নেন এবং সার্কিট হাউস লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালান। কাঞ্চনেই স্থাপন করা হয় তাঁদের রিয়ার হেডকোয়ার্টার।

২৯ মার্চ রাতে মোঃ ওসমান গনি দিনাজপুর সেক্টরের বাঙালি ইপিআররা একযোগে বিদ্রোহ করে কাঞ্চনে সমবেত হন। পার্বতীপুর থেকে ৩০ মার্চ সেখানে পৌঁছে বিদ্রোহী ইপিআরদের সঙ্গে যোগ দেন ওসমান গনি এবং তাঁকে রিয়ার হেডকোয়ার্টারের দায়িত্ব অর্পণ করা হয়। তাঁর নিখুঁত নেতৃত্ব ও পরিচালনায় ইপিআর সেনারা দিনাজপুর শহর থেকে আসা পাকিস্তানি হানাদার বাহিনীর একাধিক আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। ফলশ্রুতিতে, ৩১ মার্চ দিনাজপুর শহর শত্রুমুক্ত হয়।
শহর মুক্ত হওয়ার কিছুদিন পর রংপুর ও সৈয়দপুর থেকে আগত পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পুনরায় আক্রমণ চালালে, কাঞ্চনে অবস্থানরত মুক্তিযোদ্ধারা দুটি দলে বিভক্ত হন এবং ওসমান গনি একটি দলের নেতৃত্ব দেন। ১২ এপ্রিল তিনি সহযোদ্ধাদের নিয়ে বিরলে অবস্থান নেন। সেখানে পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্র ও সাঁজোয়া যানের বিরুদ্ধে কয়েক দিন বীরত্বপূর্ণ লড়াই চালিয়েও টিকতে না পেরে তিনি নানাবাড়িতে পশ্চাদপসরণ করেন। পরবর্তীতে ছোটখাটো সংঘর্ষের পর তাঁরা কিশোরীগঞ্জে গিয়ে অবস্থান নেন।
২৪ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি বিরাট দল তাঁদের আক্রমণ করলে মোঃ ওসমান গনি সাহসিকতার সঙ্গে পাল্টা আক্রমণ চালান এবং শত্রুপক্ষের ব্যাপক ক্ষতিসাধন করেন। এরপর পাকিস্তানিরা ভারতীয় ভূখণ্ডে অনবরত শেলিং শুরু করায় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধে তিনি বাধ্য হয়ে সহযোদ্ধাদের নিয়ে ভারতে প্রবেশ করেন।
ভারতে পুনরায় সংগঠিত হওয়ার পর মোঃ ওসমান গনি ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। ভারতের বিভিন্ন শরণার্থী শিবির ও প্রশিক্ষণ কেন্দ্রে আশ্রয় নেওয়া দেশপ্রেমিক ছাত্র-যুবকদের মধ্য থেকে উপযুক্ত ও ইচ্ছুক তরুণদের বাছাই করে তাঁদের রণকৌশলগত প্রশিক্ষণ দানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মোঃ ওসমান গনি ৩ এপ্রিল ১৯৩০ সালে পঞ্চগড় জেলার পৌরসভার অন্তর্গত মিঠাপুকুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আজিজুল হক এবং মা আফরিন নেছা। ব্যক্তিগত জীবনে তিনি নাসিম বানুু’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতি তিন মেয়ে ও দুই ছেলের জনক-জননী ছিলেন। তাঁর এক ছেলের নাম ডাঃ মোহাম্মদ নাজমুল ইসলাম।
মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস, নেতৃত্ব ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার মোঃ ওসমান গনি’কে বীর প্রতীক খেতাবে ভূষিত করে (১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ছিল ১৬৮)। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ রাইফেলসে (বর্তমান বিজিবি) দায়িত্ব পালন করেন এবং পর্যায়ক্রমে এডি (AD) পদমর্যাদায় উন্নীত হয়ে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। চাকরি থেকে অবসরের পর তিনি পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে বসবাস করতেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদানের সম্মান জানিয়ে, ২৫ জুলাই ২০২৫ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নীলফামারী ব্যাটালিয়নের প্রধান সড়কটি বীর প্রতীক মোঃ ওসমান গনির নামে নামকরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক মোঃ ওসমান গনি ১২ জুন ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। তিনি পঞ্চগড়ের মিঠাপুকুরে চিরনিদ্রায় শায়িত আছেন। দেশের জন্য মোঃ ওসমান গনির আত্মত্যাগ ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
…আরো পড়ুন পঞ্চগড়ের তালিকাভুক্ত শহীদ মুক্তিযোদ্ধা | পঞ্চগড়ের সকল মুক্তিযোদ্ধাদের তালিকা | পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বধ্যভূমি ও গণকবর
তথ্যসূত্রঃ মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক | নূরুল ইসলাম তালুকদার | মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী | একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, দ্বিতীয় খণ্ড | সুকুমার বিশ্বাস | রাশেদুর রহমান
ছবিঃ এইচ আর খান । নীলফামারী বার্তা
Last updated: 1 November 2026

